সস্ত্রীক হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে বিতর্কে সিসিক সিইও

স্ত্রীকে নিয়ে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার। দেশের প্রচলিত সড়ক আইন অনুযায়ী চালক ও আরোহী উভয়ের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক হলেও, সরকারের একজন উচ্চপদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তার এমন আইনলঙ্ঘনের ঘটনায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
হেলমেট ছাড়াই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন যুগ্মসচিব মোহাম্মদ রেজাই রাফিন : নয়া দিগন্ত

জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট এয়ারপোর্ট রোডের ফাঁকা রাস্তায় স্ত্রীকে পেছনে বসিয়ে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর ৫৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন সিইও রেজাই রাফিন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ সকাল সাড়ে ৬টায় সিলেট এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় একটু বাইক চালালাম। তাই হেলমেট পরা হয়নি। তবে হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। নেক্সট টাইম অবশ্যই হেলমেট ইউজ করবো।’

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সিলেটের স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে অনেকেই তা শেয়ার করেছেন। তাদের মতে, সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও নিরাপত্তার বিষয়টি না ভেবে এভাবে বাইক চালানো কেবল দায়িত্বহীনতাই নয়, বরং প্রচলিত আইন না মানার স্পষ্ট বহিঃপ্রকাশ।

এই বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘আমি ভিডিওর সাথে একটা বার্তাও পোস্ট করেছি। সেখানে হেলমেট না পরা এবং ভবিষ্যতে পরার বিষয়টি স্বীকার করেছি। তখন খুব সকাল ছিল, রাস্তা ফাঁকা ছিল এবং কোনো যানবাহন ছিল না বলেই হেলমেট পরিনি। অবশ্য এমনটা করা ঠিক হয়নি এবং ভবিষ্যতে আর এমন হবে না।’ তিনি আরো দাবি করেন, ‘আমি সাধারণত হেলমেট পরেই বাইক চালাই। সেদিন কেবল ভিডিও করার জন্য এক মিনিটেরও কম সময়ের জন্য হেলমেট ছাড়া বাইক চালিয়েছিলাম।’