শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

Printed Edition
এসএসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত
এসএসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, আজকে একটি সাক্ষাৎকার আমরা দেখেছি, যেখানে বলা হয়েছে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমাদের দাবি, দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরা চাই, তিনি দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।

গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, তিনি আত্মসমর্পণ করবেন কি না কিংবা তাকে কিভাবে ফিরিয়ে আনা হবে- এসব সিদ্ধান্ত সরকারের। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমতি দেয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে তিনি আসবেন কি না, বিচার হবে কি না- এসব মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা রাজনৈতিকভাবে প্রস্তুত আছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে সরকারকেই এর দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নেয়ার বিষয়টি বিবেচনা করছে। তার ভাষ্য, ‘এটাই সঠিক পথ। শেখ হাসিনার রায় হয়ে গেছে। এখন সেটি কার্যকর করতে হবে। তিনি যদি দেশে ফেরেন, তবে কেবল রায় কার্যকরের জন্যই ফিরবেন।’