নয়া দিগন্ত ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিমতীরে গতকাল বৃহস্পতিবার ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজায় বিমান ও কামান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরাইল ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরো সম্প্রসারিত করেছে। অন্য দিকে, পশ্চিমতীরে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে এবং ৩২ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী নিহাদ রিয়াদ আরুক নিহত হয়েছেন। এই হামলায় শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হন। আনাদোলু সংবাদ সংস্থাকে একটি মেডিক্যাল সূত্র জানায়, গাজা সিটির জেইতুন এলাকার দণি-পূর্বে দাওলা জংশনের কাছে ইসরাইলি বাহিনীর ভারী গোলাবর্ষণ ও গুলিতে ৩৭ বছর বয়সী ইব্রাহিম খাত্তাব নিহত হয়েছেন। এ সময় হামলায় তার স্ত্রী ও সন্তানরাও আহত হন।
ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, ইসরাইলি সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার পশ্চিমতীরের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক অভিযান চালিয়ে ৩২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশির ভাগই সাবেক বন্দী এবং যুবক। হেবরন প্রদেশের বেইত উম্মার শহর থেকেই ১৩ জনকে আটক করা হয়। এ ছাড়াও বেথলেহেম, কালকিলিয়া, তুবাস, তুলকারেম এবং অধিকৃত জেরুসালেমে এসব অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িঘরে তল্লাশি, ভাঙচুর এবং মাঠে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।



