কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী ও পরিবহনশ্রমিক।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষিড়ারচর এলাকায় একটি ব্রিজের সংস্কারকাজ চলায় মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এর প্রভাবে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে তা ধীরে ধীরে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
যাত্রী মোহাম্মদ হোসাইন বলেন, “শনিবার দুপুর ১২টায় আমার ভাতিজার ফ্লাইট। তাই শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দিই। কিন্তু দাউদকান্দি এলাকায় এসে যানজটে আটকা পড়ি। সকাল পর্যন্ত অপেক্ষা করেও কোনো প্রতিকার না পেয়ে ভ্যান ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। শেষ পর্যন্ত সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারব কি না, আল্লাহই ভালো জানেন।”
চান্দিনার কুটুম্বপুর এলাকায় রাত সাড়ে ৪টার দিকে যানজটে আটকা পড়েন সাংবাদিক মাহমুদ হাসান। তিনি বলেন, “আটকা পড়ার পর প্রথমে মনে করেছিলাম, সড়ক দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। পরে হাইওয়ে পুলিশকে ফোন করলে তারা যানজটের কারণ জানান এবং সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন।”
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত এক লেন বন্ধ রেখে নারায়ণগঞ্জে ব্রিজের সংস্কারকাজ করা হয়েছে। সকালে দুই লেনই খুলে দেয়া হয়েছে। আশা করছি, দুপুর ১২টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।



