ব্যাটিংয়ে জোর দেয়ার কথা বললেন সিমন্স

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কুড়ি ওভারের ক্রিকেটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তৌহিদ হৃদয়ের দল। তিন ম্যাচের সিরিজে ব্যাটিং ব্যর্থতাই ভুগিয়েছে বাংলাদেশকে। ব্যাটারদের দায়িত্বহীন শট, শুরুতেই উইকেট হারানো এবং চাপের সময়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারাই হারের বড় কারণ হিসেবে দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স।

তার কথায়, ‘আমাদের জন্য এটি হতাশাজনক একটি সিরিজ। বিশেষ করে টি-২০ সিরিজে যেভাবে খেলেছি, সেটার তুলনায় এই সিরিজ ভালো হয়নি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ১৯০ রান তাড়া করা সহজ নয়। ৭ রানে হারাটা এক বিষয়। কিন্তু প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচে সবচেয়ে হতাশার জায়গা হলো ব্যাটিং। বোলারদের লড়াই করার মতো কিছুই দিতে পারিনি।’

তিনি যোগ করেন, ‘আমরা দ্রুত রান করতে চাই, আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। কিন্তু পরিস্থিতি বুঝে খেলাটাও জরুরি। ০ রানে ২ উইকেট হারানো হতাশাজনক। তানজিদের আউট হওয়ার ধরনটাও হতাশ করেছে। এরপর আমরা সবকিছু খুব দ্রুত হারিয়ে ফেলেছি। অধিনায়ক ছাড়া আর কেউ দায়িত্বটা নিতে পারেনি। লিটনের ব্যাটিং অবশ্যই মিস করেছি। বাকিদের দায়িত্ব নিতে হবে। নতুন অধিনায়ক তৌহিদকে চাপ প্রভাবিত করতে পারেনি।’

তরুণদের সুযোগ দেয়ার সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন সিমন্স। ‘এখানে পাঁচজন নতুন ক্রিকেটার নিয়ে এসেছিলাম এবং সবাইকে দুই ম্যাচ করে সুযোগ দেয়ার পরিকল্পনা ছিল। ভবিষ্যতের আমাদের পরিকল্পনা ২০২৮ বিশ্বকাপের প্রস্তুতি ঘিরে। তৌহিদ খুব ভালো করেছে। দলের প্রতি তার দায়িত্ববোধ অনেক বেড়েছে। দায়িত্ব নিয়ে ব্যাট করছে, দলের জন্য খেলছে। অধিনায়কত্বের দায়িত্বও সে ভালোভাবে নিয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টেস্টে যেভাবে খেলেছি- সেটিই আমাদের লক্ষ্য। জিম্বাবুয়েও আমরা একইভাবে খেলতে চাই।’