ক্রীড়া ডেস্ক
আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা বাতিলের বিরুদ্ধে সেনেগালের করা আপিলের শুনানি আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর পক্ষে সম্ভাব্য ম্যাচ-নির্ধারণী একটি পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যায় সেনেগাল। প্রায় ১৪ মিনিট পর তারা মাঠে ফিরে এসে ম্যাচটি ১-০ গোলে জিতে নেয়।
তবে পরে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল বোর্ড মার্চ মাসে সেই ফল বাতিল করে। মাঠ ছেড়ে যাওয়াকে নিয়মভঙ্গ হিসেবে বিবেচনা করে ম্যাচটি ৩-০ গোলে মরক্কোর জয় হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে সেনেগালের আফ্রিকা কাপের শিরোপাও বাতিল করা হয়। এই সিদ্ধান্তের পর সেনেগাল সরকার শিরোপা বাতিলের ঘটনায় তদন্তের দাবি জানায়। পাশাপাশি দেশটির ফুটবল ফেডারেশন (এফএসএফ) সিএএসে আনুষ্ঠানিক আপিল করে।



