ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে একের পর এক বড় চুক্তি সামনে আসছে। ফরাসি ক্লাব পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে ১২৩ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে লিভারপুল। এর মধ্যে প্রাথমিকভাবে ১০৬ মিলিয়ন পাউন্ড এবং পারফরম্যান্স-ভিত্তিক সম্ভাব্য ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হওয়ার সুযোগ রয়েছে।
২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের চলতি সপ্তাহান্তে মেডিক্যাল সম্পন্ন করার কথা। এরপর তিনি লিভারপুলের সাথে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন বলে জানা গেছে। ডান পায়ের খেলোয়াড় বারকোলা মূলত বাঁ প্রান্তে খেলেন। তার আগমন লিভারপুলে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটি ইতোমধ্যে নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের প্রতি আগ্রহ দেখিয়েছে।
লিভারপুল একই সাথে একজন ডান উইঙ্গারও খুঁজছে। এ ক্ষেত্রে ব্রাইটনের ইয়ানকুবা মিন্তেহ ও ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সারকে নিয়ে তারা আগ্রহ দেখিয়েছে। লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ শক্তিশালী করতেই বারকোলাকে প্রধান লক্ষ্য বানিয়েছে লিভারপুল।
এ দিকে চেলসি থেকে সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। রিপোর্ট অনুযায়ী, ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ৬৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ভিলা, যা ক্লাবটির রেকর্ড ট্রান্সফার। পাঁচ বছরের চুক্তিতে ভিলা পার্কে যোগ দিয়েছেন জ্যাকসন। ভিলার কোচ উনাই এমেরির সাথে এর আগে ভিয়ারিয়ালে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ওলি ওয়াটকিন্সের সম্ভাব্য বিদায়ের পর তার জায়গা পূরণ করতেই জ্যাকসনকে দলে নেয়া হয়েছে।



