সিলেটে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

Printed Edition

সিলেট ব্যুরো

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

আজকের এ সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক সমাবেশ কর্মসূচি শেষ হবে। আয়োজকরা জানান, রাজশাহী থেকে শুরু হওয়া এ কর্মসূচির শেষ সমাবেশ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ উপলক্ষে কয়েক দিন ধরে সিলেটের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। নগরজুড়ে বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের পাশাপাশি সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজও শেষ হয়েছে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে মাঠে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সমাবেশের বিষয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন। তিনি প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল বলেন, সমাবেশ থেকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে। তার ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণ সম্ভব নয়। এ দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও দেশের অন্যান্য বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। সিলেটের সমাবেশেও বিভাগের চার জেলা ও মহানগর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন। একই সাথে সিলেট অঞ্চলের বিভিন্ন দাবি-দাওয়াও সমাবেশে তুলে ধরা হবে।

মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকুক বা না থাকুক, সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে তাদের প্রত্যাশা।

সমাবেশে সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।