জুলাই সনদ বাস্তবায়নে অনীহা জনগণের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক : রেজাউল করীম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে, সরকার জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভালো নেতা ও ভালো নীতির সমন্বয় ছাড়া দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের আদর্শের বিকল্প নেই।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম।