আমেরিকার নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে বাংলাদেশী মাদারবোর্ড

Printed Edition

বাংলাদেশে উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) উৎপাদন করছে দেশী প্রতিষ্ঠান। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের নানান দেশে পিসিবিএসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য রফতানি করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রফতানি শিপমেন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের এমপি মো: মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভি।

বাংলাদেশ থেকে রফতানিকৃত ওয়ালটন পিসিবিএ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। আমেরিকার উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড আমদানি করছে। আমেরিকার স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের জীবন রক্ষায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা সরবরাহে সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের ব্যাপক সুনাম ও অবদান রয়েছে।

‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার অঞ্চলের ৫৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। বিজ্ঞপ্তি।