ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের ইতোমধ্যে শেষ হয়েছে কোয়ার্টার ফাইনাল। আগামী ১৫ ও ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাস ও আটালান্টায় হবে দু’টি সেমিফাইনাল। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক নিউ জার্সির ম্যাট লাইট স্টেডিয়ামে। ফাইনাল মানেই ইতিহাসের সাক্ষী হওয়া এক ম্যাচ। সেই ঐতিহাসিক মুহূর্তের একটি অংশ এবার নিজের সংগ্রহে রাখার সুযোগ দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেনুর ঘাসের ছোট ছোট টুকরা বিশেষ স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে ফিফা।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ফিফার তথ্য অনুযায়ী, মাঠের ঘাস সংরক্ষণের জন্য প্রতিটি টুকরাকে বিশেষ স্বচ্ছ রেজিনে আবদ্ধ করা হয়েছে। একটি স্মারকের দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে এসব স্মারক ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় এগুলো সরবরাহ করা হবে।
এই স্মারক তৈরির দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’। তাদের ওয়েবসাইটে আরো তিনটি বিশেষ সংস্করণ বিক্রি হচ্ছে, যেগুলোর মূল্য যথাক্রমে ৯০০, এক হাজার ২০০ এবং তিন হাজার মার্কিন ডলার। প্রতিটি সংস্করণের জন্য মাত্র দুই হাজার ২৬টি করে স্মারক তৈরি করা হয়েছে। সবগুলো বিক্রি হলে এসব স্মারক থেকেই ফিফার আয় এক কোটি ১২ লাখ ডলারের বেশি হতে পারে।
দামের সাথে বদলে যাচ্ছে স্মারকের আকার ও উপহারের তালিকাও। ৪৫০, ৯০০ ও ১২০০ ডলারের সংস্করণে ২.৫ ইঞ্চি দ্ধ ২.৫ ইঞ্চি আকারের ঘাসের টুকরা থাকবে। আর তিন হাজার ডলারের ‘হিরো এডিশন’-এ থাকবে ৩ ইঞ্চি দ্ধ ৩ ইঞ্চি আকারের ঘাসের টুকরা।



