সালথা (ফরিদপুর) সংবাদদাতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার বাজেটেও সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাখাতে। তিনি বলেন, আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই আমাদের সন্তানরা যাতে কারিগারি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থা সরকার করে যাচ্ছে।
গতকাল রোববার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সবার দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য ছেলে ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এক ধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরো চার বছর বাড়িয়ে গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো: বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারসহ আরো অনেকে।



