ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে গত পরশু মাঠে নামে পাকিস্তান। লর্ডস টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএন/ক্রিকইনফো জানিয়েছে, সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের গত পরশু প্রথম দিনে লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল পিসিবি।
লর্ডস টেস্টের প্রথম দিন লাঞ্চের বিরতিতে প্রচার করা সে সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ’৯২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার দুই ছেলে। ইমরান প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দী। তার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ আরো বেড়েছে।
ক্রিকইনফো জানায়, লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সাথে যোগাযোগ করে পিসিবি। সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানায় তারা। তাতে স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির প্রচার কিছুটা পিছিয়ে দিলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়রা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান দল। টেস্ট শুরুর আগে স্কাই স্পোর্টস এ সাক্ষাৎকারের একটি টিজারও প্রচার করে। তবে এ সাক্ষাৎকার প্রচার করেনি পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী টিভি চ্যানেল পিটিভি।
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সে চিঠিতে ইমরানকে কারাগারে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। ৭৩ বছর বয়সী কারাবন্দী ইমরানের সঠিক চিকিৎসা ও পরিবারের সাথে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কামিন্স। এখনো যারা খেলছেন তাদের মধ্যে কামিন্সই প্রথম অধিনায়ক, যিনি ইমরানের জন্য সরাসরি কথা বললেন।
এ দিকে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের খেলা চলছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯০ রানের জবাবে ১০৪ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে প্রথম দিন ৯ উইকেটে করা ২৪৮ রানের সাথে এ দিন ৪২ রান যোগ করে অলআউট হয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয় দিয়ে শুরু করে পাকিস্তান। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩.১ ওভারেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। প্রথম ইনিংসে এখনো ১৮৬ রানে পিছিয়ে বাবর আজমের দল।



