নাসরিন-১ ট্র্যাজেডির ২৩ বছর
৮ জুলাই বুধবার ছিল এমভি নাসরিন-১ ট্র্যাজেডির ২৩ বছর। এ উপলক্ষে নিহতদের স্বজনদের পক্ষ থেকে স্থানীয় মসজিদে মুনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। লালমোহন উপজেলার পূর্ব চর উমেদ গ্রামের হাফিজউদ্দীন বাজার এলাকার বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: কাঞ্চন মিয়ার ভাই নিহত মো: জাহাঙ্গীর আলমের স্বজনরা তার রূহের মাগফিরাত কামনা করে স্থানীয় হাফিজ উদ্দীন বাজার জামে মসজিদে, নুরুপণ্ডিত বাড়ির জামে মসজিদে ও নুরুমাস্টার বাড়ির জামে মসজিদসহ কয়েকটি জামে মসজিদে সব নিহতদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। উল্লেখ্য, ২০০৩ সালের এই দিনে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলার লালমোহনগামী এমভি নাসরিন-১ লঞ্চ চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ডুবে ৪০২ জনের সলিল সমাধি হয়। দেশে নৌ-দুর্ঘটনার ইতিহাসে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। নাসরিন লঞ্চডুবির ২৩ বছর হলেও নিহতদের স্বজনদের পরিবারে কান্না আজও থামেনি। এক পরিবারের ২৬ জন নিয়ে বরযাত্রী হয়ে লঞ্চে উঠে ২৪ জনকেই হারায় লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামের রিনা বেগম। রিনার সাথে বেঁচে আসে তার ফুফাতো ভাই সোহেল। লালমোহন (ভোলা) সংবাদদাতা।
রায়গঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।
পোরশায় সাপের দংশনে শিশুর মৃত্যু
নওগাঁর পোরশায় শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে আব্দুল্লাহ (১০) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় রহিমা খাতুন (১৪) নামে আরো এক মেয়েশিশু আহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদিপ্রবাসী। সে দীর্ঘদিন ধরে হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং মৃত আব্দুল্লাহর আপন খালাতো বোন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়েছিল। রাতে একটি বিষধর সাপ তাদের স্বয়ংকক্ষে প্রবেশ করে তাদের দংশন করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। আর রহিমা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে আতঙ্কে সে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে এন্টিভেনিয়াম দেয়া হবে। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।
১৯ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
নড়াইলে ১৯ মামলার আসামি খবির মোল্লাকে (৪৫) একটি ওয়ানশুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৬। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খবির ওই গ্রামের কাউসার মোল্লার ছেলে। তার নামে কালিয়া থানা ছাড়াও বিভিন্ন থানায় হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, খবির মোল্লার নামে হত্যা, অস্ত্র, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। এদিকে খবির মোল্লাকে গ্রেফতারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী তার ফাঁসির দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। তাদের দাবি, খবির দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। নড়াইল প্রতিনিধি।
আলমডাঙ্গায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পলান উদ্দীন (৮০) ওই গ্রামের মরহুম ছয়রদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলানের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওই বিরোধপূর্ণ জমির জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।
কুষ্টিয়া হাসপাতালে রোগীর বিচ্ছিন্ন পা গায়েব
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করে পা টি পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন ডান পা খুঁজে না পাওয়ার ঘটনা ক্ষুব্ধ হয়েছেন রোগীর স্বজনরা। পরে হাসেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ডান পায়ের অংশ ছাড়াই লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন নিহতের পরিবার। এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া প্রতিনিধি।
বিকাশ কর্মীর ৫ লাখ টাকা ছিনতাই
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর চোখেমুখে গুল ছিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল নামের ওই বিকাশ কর্মী ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজনের একটি দল তাঁর গতিরোধ করে। পরে তাঁর চোখেমুখে গুল জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা ঘটনাস্থলে যান। পরে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।
নোয়াখালীতে ২০টি দোকান দখলের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে চার বছর ধরে দোকান দখল, ভাড়া না দেয়া এবং প্রাণনাশের হুমকি গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নোয়াখালী জুডিশিায়ল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। গত বুধবার দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়ের অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালের ১৫ নভেম্বর তিনি ওয়ারিশসূত্রে মালিক দুই ভাইয়ের ওয়ারিশ ও তিন বোনের কাছ থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত ‘ছেরাজ প্লাজা’ এবং ‘হাজী মার্কেটের ৪ শতাংশ ৮০ পয়েন্ট সম্পত্তি ক্রয় করেন। উক্ত মার্কেটে দুটিতে মোট ২০টি দোকান ঘর রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মার্কেটের দোকানের ভাড়াটিয়া খায়রুল বাশারসহ অন্যান্য ভাড়াটিয়ারা বিগত চার বছর ধরে কোনো প্রকার ভাড়া পরিশোধ না করে অবৈধভাবে দোকান দখল করে রাখছেন। নোয়াখালী অফিস।



