নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দেশের দুই জেলায় নিহত হয়েছেন দুইজন।
দোহার (ঢাকা) সংবাদদাতা জানান, নবাবগঞ্জে ইজিবাইকচাপায় ফারুক বেপারী (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে নববাগঞ্জ উপজেলা যন্ত্রাইল এলাকায় দুর্ঘটনার শিকার ফারুক ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ এলাকার আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মতো রোববার ভোরে সবজি আনার জন্য পালামগঞ্জ এলাকা থেকে চন্দ্রখোলা বাজারে যাওয়ার সময় যন্ত্রাইল এলাকায় ইজিবাইক উল্টো গেলে গুরুত্বর আহত হয় ফারুক। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় বাইক চালক ও গাড়ি আটক করে থানায় নিয়ে যায় নবাবগঞ্জ থানা পুলিশ।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোবাস চাপায় মো: মুক্তাদির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বোকাইনগর ইউনের তরুণ দলের সভাপতি। রোববার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো: মুক্তাদির বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলায় যান। সেখান থেকে দুপুরে মোটরসাইকেলে ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



