ধামরাইয়ের ঐতিহ্যবাহী ২০ দিনব্যাপী মেলা আজ শুরু

Printed Edition
ধামরাইয়ের ঐতিহ্যবাহী ২০ দিনব্যাপী মেলা আজ শুরু
ধামরাইয়ের ঐতিহ্যবাহী ২০ দিনব্যাপী মেলা আজ শুরু

নবীন চৌধুরী ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে শতাব্দীপ্রাচীন শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ও ২০ দিনব্যাপী মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজিত এ রথযাত্রা দেশের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।

ইতিহাসবিদ ও মন্দির সূত্রে জানা যায়, বাংলা ১০৭৯ সাল থেকে ধামরাইয়ে যশোমাধবকে কেন্দ্র করে রথযাত্রা ও মেলার আয়োজন হয়ে আসছে। প্রায় ৩৫৫ বছরের এই ঐতিহ্যবাহী উৎসব প্রতিবছর দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীকে আকর্ষণ করে। স্থানীয়দের মতে, ধামরাইয়ের রথযাত্রা উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী রথ উৎসব।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার শামীমা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনসহ স্থানীয় প্রশাসন ও মন্দির পরিচালনা কমিটির নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস।

রথযাত্রাকে ঘিরে ধামরাই পৌর এলাকাজুড়ে বসেছে ২০ দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা। মেলায় নাগরদোলা, সার্কাস, কুটিরশিল্প, কাঁসা-পিতলের সামগ্রী, মৃৎশিল্প, শিশুদের খেলনা, মিষ্টান্নসহ নানা ধরনের পণ্যের দোকান বসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ইতোমধ্যে ধামরাইয়ে আসতে শুরু করেছেন।

মাধব মন্দির পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, রথযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করবেন। যানজট নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, রথযাত্রা নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেলে যশোমাধবের বিগ্রহ রথে স্থাপনের পর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পরে ভক্তরা রশি টেনে রথটি যাত্রাবাড়ী মন্দিরের উদ্দেশে নিয়ে যাবেন। সেখানে আট দিন অবস্থানের পর উল্টো রথযাত্রার মাধ্যমে যশোমাধবকে মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে।