গাজীপুর মহানগর প্রতিনিধি
রাজধানীর তুরাগ ও গাজীপুরের টঙ্গীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও নগদ এক লাখ ৮৭ হাজার ৪০০ টাকা, ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, গত শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন টঙ্গী পূর্ব থানার সমাজকল্যাণ দত্তপাড়া রোডের একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ৮১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ এক লাখ ৮৭ হাজার ৪০০ টাকাসহ লাভলী আক্তার (৩৪) ও ইস্রাফিল (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যায় অপর এক অভিযানে রাজধানীর তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের পুরাতন বৌবাজার এলাকায় মেট্রোরেল উত্তরা সেন্টাল স্টেশন সংলগ্ন সড়কে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় রমজান শেখ (৩০) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



