ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শত শত অভিভাবক নিজেদের নবজাতক সন্তানের নাম রেখেছেন হলান্ডের নামে। পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের (রেনিয়েক) বরাতে এএফপি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৪৬৮ জন নবজাতকের নাম রাখা হয়েছে হালান্ড। এ ছাড়া আরো ৯১ জনের পুরো নাম নিবন্ধিত হয়েছে আর্লিং হলান্ড হিসেবে।
পেরুতে অবশ্য ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার ঘটনা নতুন নয়। দেশটিতে মেসি নামে রয়েছেন তিন হাজার ৪০২ জন, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো নামে রয়েছেন এক হাজার ১৮৫ জন। স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের নামে ইয়ামাল নাম রাখা হয়েছে এক হাজার ২৪১ জনের। তবে সবচেয়ে এগিয়ে ব্রাজিলের তারকা নেইমার। তার নামে পেরুতে রয়েছেন ৩৩ হাজার ৮০৯ জন।
বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ৭ গোল করেছেন হলান্ড। রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ে দু’টি গোলই করেছিলেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তার অসাধারণ নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের মুখপাত্র ইভান তোরেস পানআমেরিকানা টেলিভিশনকে বলেন, ‘ফুটবলের বিভিন্ন তারকা পেরুর মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। তাই অনেকেই তাদের সন্তানদের নাম এসব তারকার নামে নিবন্ধন করেন।’
তোরেস জানান, বিশ্বকাপ শুরুর পরের কয়েক সপ্তাহেই হলান্ডের নামে সবচেয়ে বেশি নবজাতকের নাম নিবন্ধিত হয়েছে। নরওয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার পর সেই প্রবণতা আরো বেড়ে যায়।



