ঢাবির ২ শিক্ষার্থীর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও ১১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

Printed Edition

২০২২ ও ২০২৩ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সঙ্গীত বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন। এ ছাড়া ২০২৩-২০২৪ সালের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১ শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ‘সুরের ধ্রুবতারা : সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম’ শীর্ষক স্মারক বক্তৃতা’ দেন দ্য ডেইলি স্টারের চিফ কালচার ইনিশিয়েটিভস ও ‘জেমস অব নজরুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন মল্লিক। ধন্যবাদ জানান বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, নূরেজান্নাত আফরিস ও অর্পিতা দে। এ ছাড়া বৃত্তিপ্রাপ্তরা হলেন- রুশদা জাহান রুহি, অতসী দে, পুষ্পিতা রায় পুষ্প, ভাগ্যশ্রী চক্রবর্তী, মায়শা ফারজানা ঐশী, দীপ দাশ, শেখ জেরিন শবনম, রাতুল দে দীপ্ত, পূর্বাশা মন্ডল, অর্পিতা সিকদার ও মায়েশা সুলতানা উর্বি। বিজ্ঞপ্তি।