ক্রীড়া প্রতিবেদক
আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে অসিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব দিয়েছে। ১৩ আগস্ট ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেনু ম্যাকে। এই ম্যাচ মাঠে গড়াবে ২২ আগস্ট।
অন্যান্য সময় দেখা না গেলেও এবার বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন কামিন্স-হ্যাজলউড-লায়নরা। কামিন্স ফিরছেন অধিনায়ক হয়েই। গতকাল নতুন কুড়ি ক্রিকেট টুর্নামেন্ট শেষে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দল নিয়ে। কারণ, প্রতিপক্ষের দলটা দেখেন, তারা সিরিজটা হালকাভাবে নেয়নি।’
২০২১ সালে টি-২০ সিরিজে তুলনামূলক দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। গত জুনেও অস্ট্রেলিয়া তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে এসে ওয়ানডে সিরিজ হারলেও টি-২০ সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে অজিরা। বতর্মানে বাংলাদেশ টেস্ট দল দুর্দান্ত খেলছে তাই অসিরা এই সিরিজটা গুরুত্ব সহকারে নিয়েছে। শান্তর নেতৃত্বেই বাংলাদেশ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চার ম্যাচ খেলে দু’টিতে জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। দু’টি জয়ই এসেছে ঘরের মাঠে মে মাসে পাকিস্তানের বিপক্ষে।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করা সম্ভব বলে মনে করেন শান্ত। ‘অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে দল দিয়েছে তারা। আমাদের দলীয় অর্জন দেখেই তারা এটা করেছে। সেই দলের বিপক্ষে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি- সেটিই দেখার বিষয়।’
নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। রাজশাহী থেকে এত ভালো ক্রিকেটার উঠে আসার রহস্য নিয়ে শান্ত বলেন, ‘রাজশাহী অনেক বছর ধরেই ক্রিকেটের পেছনে শ্রম দেয়। অনেক ক্রিকেটার অতীতেও এসেছে এবং ভবিষ্যতেও আসবে- এটা আমি মনে করি। রাজশাহীতে যে রকম সুযোগ-সুবিধা আছে বা যে অ্যাকাডেমিগুলো আছে, তারা খুব ভালোভাবে কাজ করে এবং সেখান থেকে ক্রিকেটার উঠে আসাই স্বাভাবিক।’
চতুর্থ থেকে ফাইনালের স্বপ্ন
ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেনু লন্ডনের দ্য ওভালেই ২০২৭ সালের ৯-১৩ জুন হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই। ফাইনালের দৌড়ে অবশ্য এখন পর্যন্ত টিকে আছে বাংলাদেশ।
আইসিসি) আগেই ঘোষণা দিয়েছিল, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। এরপর প্রতিটি আসরের ভেনু নির্বাচনের দায়িত্ব দেয়া হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই অনুযায়ী, ২০২৭ সালের ফাইনালের জন্য বেছে নেয়া হয়েছে দ্য ওভালকে। ২০২৩ সালে এখানেই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
বর্তমানে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ৭২.২২ শতাংশ।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে- বাংলাদেশ, যা দেশের টেস্ট ক্রিকেটের জন্য বড় ইতিবাচক বার্তা। মে মাসে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুবাদে টাইগারদের পয়েন্ট ৫৮.৩৩। ফাইনালের দৌড়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। অন্য দিকে টানা দুইবারের ফাইনালিস্ট ভারত ৪৮.১৫ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এরপর রয়েছে- শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।



