২০৩০ পর্যন্ত জার্মানির কোচ ক্লপ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের নকআউট পর্ব থেকে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলের ড্র’র পর টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল জার্মানি। দলের হতাশাজনক এই বিদায়ের পর দু’পক্ষের আলোচনার প্রেক্ষিতে পদত্যাগ করেছিলেন প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান। ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তাকে পদ ছাড়তে অনুরোধ করা হলে স্বেচ্ছায় পদত্যাগ করতে সম্মত হন তিনি। ৩৯ বছর বয়সী জার্মান এই কোচের স্থলাভিষিক্ত হলেন জার্গেইন ক্লপ। ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ডিএফসি সভাপতি বার্নড জোহানেস নিউয়েনডর্ফ।

নাগেলসম্যানের বিদায়ের পর নতুন কোচ হওয়ার বিষয়টি একপ্রকার ঠিক হয়েই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল নিজেদের ভেরিফাইড পেজে নতুন কোচ হিসেবে ক্লপের নাম ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ডিএফবি সভাপতি নিউয়েনডর্ফ বলেন, ‘আজ নতুন কোচ হিসেবে জার্গেইন ক্লপকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

ক্লপের দায়িত্ব শুরু হবে ১৫ আগস্ট থেকে। আর তা চলবে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত। জার্মানির কোচ হিসেবে তার প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের উদ্বোধনী ম্যাচ দিয়ে।

জার্মানির প্রধান কোচের দায়িত্ব পেয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের একত্রিত করতে পারে। এ কারণেই এই ভূমিকা আমার কাছে বিশেষ। আমরা বিনয় ও ধৈর্য নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। আমি এমন একটি দল গড়তে চাই, যারা একে অপরের জন্য লড়বে, ফুটবল উপভোগ করবে এবং যার পেছনে পুরো দেশ দাঁড়াবে।’