সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি প্রোগ্রাম-২০২৬-এর পরীক্ষা গতকাল শুক্রবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। এবছর মোট ২১৬টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষের ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৭ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ১৯ হাজার ২৩৮ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সার্বিক সহায়তায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষা পরিচালনায় বাউবির নিজস্ব ভিজিল্যান্স টিম কেন্দ্রে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত ১৭ জুলাই স্থগিত হওয়া বাংলা ১ম ও ২য় পত্রের পরীক্ষার নতুন তারিখ পরে বাউবির ওয়েবসাইটে (িি.িনড়ঁ.ধপ.নফ) জানিয়ে দেয়া হবে বলে কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি।

দু’টি কুকুরকে পিটিয়ে হত্যা

পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় গত বৃহস্পতিবার দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, স্থানীয় চা-দোকানি জাহাঙ্গীর প্যাদার পোষা কুকুর দুটির বিরুদ্ধে প্রতিবেশী মনজু হাওলাদারের হাঁস মারার অভিযোগ তোলা হয়। মনজু তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করলে জাহাঙ্গীর তা প্রত্যাখ্যান করেন। এর জেরে মনজু ও তার ভাই জহির কুকুর দু’টিকে রশিতে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত আইনি ব্যবস্থার নির্দেশ দেন। পটুয়াখালী সদর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। পটুয়াখালী প্রতিনিধি।

বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নম্বর মনিরুজ্জামান মনির (২১) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার ২৩ জুলাই রাতে টাঙ্গাইলের কাগমারী এলাকার একটি ছাত্রাবাসে এই দুর্ঘটনা ঘটে। সহপাঠীরা জানান, বাসার তিন তলার বেলকনিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অসাবধানতাবশত বারান্দায় থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে যায় মনিরের। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি রেলিংবিহীন বারান্দা থেকে সোজা নিচে পড়ে যান। উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে রাত ১২টা ২২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাভাবিপ্রবি প্রতিনিধি।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পেশাগত দায়িত্ব পালনকারী দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সরাইল সাংবাদিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মো: আবেদুর আর শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো: সামসুল আরেফিন। বক্তব্য দেন সহসভাপতি মো: মুখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন। সমাবেশে আমার দেশের বিজয়নগর প্রতিনিধি মো: শাহগীর মৃধা ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সাংবাদিক নেতারা অবিলম্বের সঠিক তদন্তের মাধ্যমে মামলায় যুক্ত দুই সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবি জানান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

পৌনে ২ কোটি টাকা ফেরত দিলেন ইউএনও

মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত এক কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার নিশ্চিত করেছেন তথ্যটি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননে মোট ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ ধরা হয়। এর মধ্যে নির্ধারিত মান বজায় রেখে ৭৫০ মিটার খননে ৩২ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে অবশিষ্ট অংশের কাজ সম্পাদন করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী অতিরিক্ত অর্থ খরচ না করে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়। ইউএনও বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্প বাস্তবায়ন শেষে অতিরিক্ত অর্থ বিধি অনুযায়ী ফেরত দেয়া হয়েছে। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা।

দু’টি তক্ষকসহ আটক পাচারকারী

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি জীবিত তক্ষক উদ্ধারসহ দুই পাচারকারীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন খাগড়াছড়ির মানিকছড়ির মো: মামুন হোসেন (৩৭) ও ঞোলাপ্রু মারমা (২৭)। পুলিশ ও বন বিভাগের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষক দু’টি উদ্ধার করে। উদ্ধার তক্ষক দু’টির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে। জোরারগঞ্জ থানার ওসি মো: আব্দুল হালিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

ইপিজেডের জায়গা পরিদর্শন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। গত বৃহস্পতিবার সকালে তিনি তালোড়া রেলস্টেশনের কাছের নির্ধারিত জমি ঘুরে দেখেন ও নকশা পরীক্ষা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুর রহমান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার, ইউএনও শাহরুখ খানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, তারেক রহমানের ঘোষিত রাজনৈতিক ৩১ দফার অংশ হিসেবে তালোড়ায় এই ইপিজেড স্থাপিত হলে এলাকার হাজারো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সচিবও প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপের আশ্বস্ত করেন। দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা।

অপহরণকারী সন্দেহে আটক ৬

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর কারপাশা ইউনিয়নের মজলিশপুর বাজারে গত ২২ জুলাই অপহরণের গুজবে ছয় তরুণকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থলে তরুণের আর্তচিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে মারধর করে নিকলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই ছয় তরুণকে নিজেদের জিম্মায় নিয়ে থানায় নিয়ে যায়। নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, তারা অপহরণের সাথে যুক্ত নয়, এরা সবাই বন্ধু। তারা মূলত ঘুরতে এসে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে বাগি¦তণ্ডায় জড়ায়। তবে সন্দিগ্ধ আচরণ করার কারণে অপরাধ কার্যবিধি ১৫৪ ধারায় ২৩ জুলাই আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।