যশোর অফিস
যশোরে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার যশোর প্রেস ক্লাবে এ কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নেন।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হওয়ায় সাংবাদিকতার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরো নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।
তিনি অতীতের গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে বলেন, স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক প্রভাবের কারণে সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমকে আরো স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘সংবাদ অবশ্যই সত্য ও বস্তুনিষ্ঠ হতে হবে, সরকারকে খুশি করার জন্য নয়, জনগণের জন্য সংবাদ প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।



