উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘অবিলম্বে জুলাই সনদ, জনগণের রায় বাস্তবায়ন করুন। জনগণকে জিম্মি করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ইতিহাস থেকে শিক্ষা নিন। জনবিস্ফোরণ ঠেকাতে পারবেন না। তা না হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।’
গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে জনগণের সমর্থন নেয়া হলো। কিন্তু সেই ভোটে জয়ী হওয়ার পরও কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না? জাতির সাথে আর কত তামাশা করবেন? দেশের সাধারণ মানুষকে আর কত ধোঁকা দেবেন?’
তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় গিয়ে আপনাদের ওপর ফ্যাসিবাদের ছায়া ভর করেছে। আমরা আশা করবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করবেন। অন্যথায় ফ্যাসিবাদের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন।’



