চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের অপেক্ষমাণ সময় এখন শূন্যে নেমে এসেছে। জাহাজের টার্ন-অ্যারাউন্ড টাইম কমায় আমদানি-রফতানি কার্যক্রমে নতুন গতি এসেছে। একই সাথে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৩৬ শতাংশের বেশি। শতভাগ ই-গেট, পেপারলেস সেবা, রিয়েল-টাইম ডিজিটাল অপারেশন এবং আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রামকে একটি বিশ্বমানের স্মার্ট পোর্টে রূপান্তরের পথে সব সূচকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে মোট ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭.১৩ শতাংশ বেশি। একই সময়ে ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা ৫.৬২ শতাংশ প্রবৃদ্ধি। এ ছাড়া জাহাজ হ্যান্ডলিং বেড়ে চার হাজার ৩৩৬টিতে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬.৩৫ শতাংশ বেশি।
এ সময় আর্থিক সূচকেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছে চবক কর্তৃপক্ষ। বিগত অর্থবছরে রাজস্ব আয় দাঁড়িয়েছে ছয় হাজার ৬২৯ কোটি ১৭ লাখ টাকা, যা বন্দরের আর্থিক সক্ষমতার নতুন মাইলফলক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনটেইনারবাহী জাহাজের গড় অবস্থানকাল ২ দশমিক ৫৮ দিন থেকে কমে ২ দশমিক ৩৮ দিনে নেমে এসেছে। ফলে জাহাজের অপেক্ষার সময় প্রায় ৭ দশমিক ৭৫ শতাংশ কমেছে, যা শিপিং কোম্পানির পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আমদানি-রফতানি কার্যক্রমকে আরো গতিশীল করেছে।
এ ছাড়া ‘সিপিএ স্কাই’ নামে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে কাস্টমস, ব্যাংক, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। বন্দর পরিচালনার তথ্য ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থাও চালু করেছে চবক।
তারা জানায়, বিভিন্ন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর আবারো ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করেছে। ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময় শূন্যে নেমে এসেছে। এতে জাহাজ দ্রুত পণ্য খালাস ও বোঝাই করতে পারছে, শিপিং কোম্পানির সময় ও ব্যয় কমছে, আমদানিকারক দ্রুত পণ্য পাচ্ছেন এবং রফতানিকারকেরাও সময়মতো পণ্য পাঠাতে সক্ষম হচ্ছেন। ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা অপারেশন সচল রেখে এ সাফল্য ধরে রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের আন্তর্জাতিক পরিদর্শনে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে। একই সাথে বহির্নোঙরে ডাকাতি ও চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিবের দায়িত্বপ্রাপ্ত চিফ পারসোনেল অফিসার মো: নাসির উদ্দিন বলেন, ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বন্দরের সব গেটে শতভাগ ই-গেট পাস ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি ই-ডেলিভারি অর্ডার (ই-ডিও), অনলাইন এনওসি, ই-চালান, কার্ট টিকিট এবং ওয়ান-স্টপ ডকুমেন্টেশনসহ বিভিন্ন সেবা সম্পূর্ণ কাগজবিহীন করা হয়েছে। সেই সাথে এনবিআরের এসকুয়াডা ওয়ার্ল্ড এবং বন্দরের বন্দর পরিচালনা পদ্ধতির (টস) মধ্যে সরাসরি তথ্য বিনিময় চালু হওয়ায় আমদানি-রফতানি কার্যক্রম আরো দ্রুত ও স্বচ্ছ হয়েছে।



