ব্যবসায়ী সোহেল রানা হত্যা মামলার তদন্তে পিবিআই

Printed Edition

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ী সোহেল রানার (৩৫) মৃত্যুর রহস্য এখনো উদথঘাটিত হয়নি। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আদালতে মামলা করেছে নিহতের পরিবার। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।

গত ১৬ মে রাতে বাজিতপুর থেকে বকেয়া টাকা আদায় করে মোটরসাইকেলে ভৈরব ফিরছিলেন ব্যবসায়ী সোহেল রানা। কুলিয়ারচরের বড়খারচর এলাকায় সড়কের পাশে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথমে এটিকে সড়ক দুর্ঘটনা মনে করা হলেও পরে বিভিন্ন চাঞ্চল্যকর আলামত সামনে আসে।

পরিবারের দাবি, সোহেল রানার মোটরসাইকেলটি অক্ষত থাকলেও তার মাথার পেছনে ভারী বস্তুর আঘাতের জখম ছিল। এ ছাড়া তার সাথে থাকা প্রায় দুই লাখ টাকাসহ ব্যাগটি নিখোঁজ হয়। যার কাটা ফিতা পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই শাহীন আহম্মেদ বাদি হয়ে ৩ জুন কিশোরগঞ্জ আদালতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত বুধবার আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।