পদত্যাগ করলেন কোম্যান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায়ের পর নেদারল্যান্ডস ফুটবলে বড় পরিবর্তন এসেছে। জাতীয় দলের প্রধান কোচ রোনাল্ড কোম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই দিনে সামনে এসেছে আরো উদ্বেগজনক খবর। দলের কয়েকজন ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী ও ঘৃণামূলক মন্তব্যের শিকার হয়েছেন। শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ড টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে পেনাল্টি মিস করেন জাস্টিন কলুইভার্ট কুইনটেন টিম্বার এবং ক্রিসেনাসো সামারভিল। পরে তাদের লক্ষ্য করে অনলাইনে বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্য করা হয়।

এ ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে, যারা অপমানজনক মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজন হলে ফৌজদারি তদন্তও শুরু করা হতে পারে।

অন্য দিকে বিদায়ের ঘোষণায় কোম্যান আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, ফুটবল তার জীবনের বড় অংশ হলেও পরিবারের গুরুত্ব আরো বেশি। সম্প্রতি তার স্ত্রী বার্টিনা ক্যানসারের সাথে লড়াই করছেন এবং এই সময় পরিবারকে বেশি সময় দেয়ার প্রয়োজন অনুভব করছেন। কোম্যান প্রথম মেয়াদে নেদারল্যান্ডসকে নতুন করে গড়ে তোলার কৃতিত্ব পেলেও দ্বিতীয় মেয়াদ প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচকদের মতে, দলের রক্ষণাত্মক কৌশল এবং ধারাবাহিকতার অভাব বিশ্বকাপে হতাশাজনক ফলের অন্যতম কারণ। বিশ্বকাপ ব্যর্থতার পর এখন নতুন কোচের অধীনে নতুন শুরুর অপেক্ষায় নেদারল্যান্ডস ফুটবল।