ধনবাড়ীতে চাঁদা না দেয়ায় পুকুরের মাছ লুট

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না পেয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে পুকুরে মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় রহিম বাদশার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বন্ধ বেতাল গ্রামে।

ভুক্তভোগী বৃদ্ধ দরাজ আলী জানান, একই এলাকার মৃত আবদুল কদ্দুসের ছেলে আব্দুর রহিম বাদশা (৪৬), মৃত সাহেব আলীর ছেলে ছাত্তার ও তার ভাই জাহিদুল, মৃত পলান শেখের ছেলে আজাহার আলী এবং মৃত আব্দুস সামাদের (ছামু) ছেলে খোকা গংরা বিএনপির নাম ভাঙিয়ে মাঝে মধ্যেই চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকার করলেই দিত প্রাণনাশের হুমকি। এভাবেই প্রায় তিন মাস আগে প্রথমে ৫০ হাজার ও এক মাস পরে আবারো এক লাখ টাকা চাঁদা নেয়।

সম্প্রতি আবারো দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রহিম বাদশা গংরা সন্ত্রাসী কায়দায় বৃহস্পতিবার সকালে ১২০ শতাংশ জমির পুকুরে বেড় জাল দিয়ে ২০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। সেই সাথে পুকুরের পাড়ে থাকা মাছের খাদ্য রাখা টিনের ঘর ভাঙচুর ও প্রায় ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার খাদ্য লুটে নেয়। বাধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের ৯৯৯ নম্বরে কল দেয়া হলে স্থানীয় ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসার কথা বলে আর আসেনি। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ঘটনায় ন্যায়বিচারে ভুক্তভোগী প্রশাসনসহ স্থানীয় এমপি তথ্যপ্রযুক্তি মন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়ামাত্রই দ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।