জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

সাবেক বিচারপতি, আইনজীবী ব্যবসায়ী ও বিভিন্ন দলের ৬৫০ জনের যোগদান

Printed Edition
ডা: শফিকুর রহমানের হাত থেকে উপহার গ্রহণ করে জামায়াতে যোগদেন বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক ব্যক্তি  : নয়া দিগন্ত
ডা: শফিকুর রহমানের হাত থেকে উপহার গ্রহণ করে জামায়াতে যোগদেন বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক ব্যক্তি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সাবেক বিচারপতি, আইনজীবী, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে তারা যোগ দেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসঙ্ঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো: ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা: হুমায়ন কবির।

এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ইয়াকুব সরকার, মুশফিকুর রহমান বাবু, হাজী আলতাব হোসেন, মোছলেহ উদ্দিন আহমেদ ও মো: জাবেদ ওমরসহ গেণ্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো: জসিম উদ্দিন (রসুলপুরী), মাওলানা হাসান জামিল প্রমুখ যোগ দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, বংশাল থানার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারসহ জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।