কক্সবাজারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির যৌথ আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১,৯০,০০০ (এক লাখ নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
২৯ আগস্ট নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং এলাকা সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজিবির নৌ-টহলদলের তাৎক্ষণিক ও কৌশলী পদক্ষেপের ফলে ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ নৌকায় থাকা তিনজনকে আটক করা সম্ভব হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের কুলালপাড়া গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে জামাল হোসেন (৩৮), নোয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মো: এমরান (২৫) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো: ইসমাইল (২৪)। বিজ্ঞপ্তি।



