নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের শান্তিনগর এলাকায় একটি সেতু এক যুগের বেশি সময় ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। সেতুর দুই পাশের মাটি ধসে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। ফলে স্থানীয়রা বাঁশের মাচা (জাকলা) তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
কেতকীবাড়ি দালানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠানপাড়া ও ঠাটারীপাড়া যাওয়ার পথে সেতুটির অবস্থান। এর দুই পাশে রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও চারটি বাজার। প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ তিন গ্রামের কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করেন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
পাঠানপাড়া গ্রামের আব্দুল মতিন, রহিম মিয়া ও নগেন্দ্র নাথসহ স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটির দুই পাশের মাটি ধসে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় উদ্যোগে প্রতি বছর বাঁশের মাচা তৈরি করে কোনোভাবে পারাপার করতে হচ্ছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। অনেকে বিকল্প পথে দীর্ঘ দূরত্ব ঘুরে বিদ্যালয়ে যাতায়াত করছে।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন, সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। আপাতত আগামী মাসে পাইলিং করে সেতুটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।



