নারায়ণগঞ্জ প্রতিনিধি
অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত নির্মাণাধীন ছয় লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল উড়াল অংশ আগামী সেপ্টেম্বরের মধ্যেই যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। আর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিন হাজার ৩১৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মধ্যে যোগাযোগ আরো সহজ ও গতিশীল হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প সূত্রে জানা গেছে, শুরুতে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দুই হাজার ৬৫৯ কোটি টাকা। পরে বিভিন্ন জটিলতায় প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয় এবং ব্যয় বৃদ্ধি করে তিন হাজার ৩১৮ কোটি ৭৯ লাখ টাকা নির্ধারণ করা হয়। তবে সংশোধিত সময়সীমাও অতিক্রম করলেও ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট থেকে দক্ষিণাঞ্চলগামী যানবাহন ঢাকার মূল শহরে প্রবেশ না করেই এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সরাসরি গন্তব্যে যেতে পারবে। এতে সময় ও পরিবহন ব্যয় কমবে।
প্রকল্পের আওতায় ভূমি সমান্তরাল (অ্যাটগ্রেড) সাত কিলোমিটার সড়ক দুই লেনে উন্নয়ন করা হচ্ছে। এ ছাড়া তৃতীয় শীতলক্ষ্যা সেতু থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পঞ্চবটি থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত ২ দশমিক ৮০ কিলোমিটার মূল উড়াল অংশসহ ছয়টি র্যাম্প নিয়ে মোট ৯ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ হবে। এর মধ্যে ৩ দশমিক ৫ কিলোমিটার অংশ পঞ্চবটি থেকে কাশিপুর পর্যন্ত বিদ্যমান সড়কের ওপর দিয়ে এবং ২ দশমিক ৭৬ কিলোমিটার অংশ কাশিপুর থেকে চর সৈয়দপুর পর্যন্ত নিচু ভূমির ওপর নির্মিত হচ্ছে। যানজট কমাতে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লা ও চাষাঢ়ার দিকে ৩১০ মিটার করে ছয় লেনের সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে ৪৪৩ মিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে।
চর সৈয়দপুরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগস্থলে একটি গোলচত্বর নির্মাণ করা হচ্ছে। সেখানে নিচে ও উপরে দু’টি করে মোট চারটি টোল প্লাজা এবং ছয়টি ওজন পরিমাপক স্টেশন থাকবে। নিচের সড়ক দিয়ে যান চলাচল উন্মুক্ত থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল দিতে হবে।
এই সড়কের দুই পাশে বিসিক শিল্পনগরীসহ প্রায় এক হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় চার লাখ শ্রমিক কর্মরত। এ ছাড়া মুক্তারপুর এলাকায় রয়েছে একাধিক সিমেন্ট কারখানা ও হিমাগার। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন এই পথে চলাচল করে। নতুন এক্সপ্রেসওয়েটি চালু হলে শিল্পাঞ্চলের পণ্য পরিবহন আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তবে প্রকল্পটির বাণিজ্যিক প্রভাব নিয়ে ভিন্নমতও রয়েছে। নারায়ণগঞ্জ বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল জানান, যাতায়াতব্যবস্থার উন্নয়ন যেকোনো দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তবে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে আগে থেকেই যোগাযোগব্যবস্থা রয়েছে। তাই শুধু এই প্রকল্পের কারণে ব্যবসায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে এমনটি তিনি মনে করেন না।
প্রকল্পের ডেপুটি টিম লিডার প্রকৌশলী জহুরুল হক জানান, ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে। এলিভেটেড অংশের কাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে বিটুমিনের কাজ চলছে। আশা করছি, এক মাসের মধ্যে এই কাজ শেষ হবে। এরপর সংযোগের কাজ সম্পন্ন করতে আরো প্রায় দুই মাস লাগবে। তিনি আরো বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যেই এলিভেটেড অংশটি জনসাধারণের জন্য খুলে দেয়া সম্ভব হবে। আর ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে।



