নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, সঠিক যতœ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরাও অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। এ জন্য তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে আয়োজিত ‘জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, সবল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার অভ্যাস গড়ে তোলা জরুরি। একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরো বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করা উচিত।
থানা আমীর কলিম উল্লাহর সভাপতিত্বে এবং অফিস ও যুব বিভাগ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উল্লাহ ভূঁইয়া হারুন, মহানগর উত্তর যুব বিভাগের সম্পাদক ড. মোস্তফা পারভেজ ফয়সাল, থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদসহ স্থানীয় নেতারা।



