বেনাপোল (যশোর) সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে গতকাল ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালকসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সাথে থাকা শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হন। এ ছাড়াও ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, রাতে খেলা দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে ইট আনার উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন আমিরুল। রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেলের অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।



