দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা জেলায় মাদক নিয়ন্ত্রণে প্রথমবারের মতো চালু হয়েছে সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল কার্যক্রম। গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া ১২১ জন আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে দ্রুত সাজা প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাৎক্ষণিক সাজা ও জরিমানা কার্যকরের এই প্রক্রিয়া স্থানীয় মাদক কারবারি ও সেবনকারীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে, যা জেলাকে মাদকমুক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধারাবাহিক এই সংক্ষিপ্ত বিচারে দর্শনা থানায় ২৪ জন, দামুড়হুদা মডেল থানায় চারজন, জীবননগর থানায় ১৬ জন, আলমডাঙ্গা থানায় ৩৮ জন এবং চুয়াডাঙ্গা সদর থানায় ৩৯ জন আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। আসামিদের অপরাধের মাত্রা ভেদে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, আগে মাদক মামলার আসামিরা গ্রেফতারের পর আইনি ফাঁকফোকরে সহজে জামিন পেয়ে যেত। এখন দ্রুত বিচার ও সাজা হওয়ার কারণে অপরাধীরা নতুন করে অপরাধে জড়াতে ভয় পাচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান স্পষ্ট জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে এবং দ্রুততম সময়ে চুয়াডাঙ্গাকে সম্পূর্ণ মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে।



