ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট ইতিহাসে ব্যাপকভাবে সমাদৃত সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিন দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজ-ইন ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ।
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৩২ রান এবং ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫টি উইকেট। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারকে যে পুরস্কার দেয়া হয় সেটি তাঁর নামেই করা হয়েছে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বলা হয়, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’
জন্মভূমি বার্বাডোজের হয়ে ক্রিকেট ছাড়াও ফুটবল, বাস্কেটবল ও গলফে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫২-৫৩ মৌসুমে মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। এক বছর পর জ্যামাইকায় ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক। সেই ম্যাচে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৪ ও ২৬ রান করেন এবং ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭৫ রানে ৪টি উইকেট নেন।



