ক্রীড়া ডেস্ক
ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। তিনি ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মিকায়েলকে ভুলবশত লক্ষ্যবস্তু বানানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
গত শনিবার আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের দক্ষিণাঞ্চলের পন্তাল দা বাররা এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, স্থানীয় একটি প্রীতি ম্যাচে অংশ নেয়ার সময় হঠাৎ বন্দুকধারীদের হামলার মুখে পড়েন মিকায়েল ও মাঠে উপস্থিত অন্যরা। গুলিবিদ্ধ হওয়ার পর মিকায়েলকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন।



