নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া খাগড়াছড়িতে নিহত হয়েছেন একজন এনজিও কর্মী।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে দু’টি বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি ট্রাক চলে এলে সংঘর্ষ ঘটে। এতে বাস দু’টি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার একটি গ্রামীণ সড়কের সরু পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুপন চাকমার বাড়ি খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান-সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



