নেত্রকোনা প্রতিনিধি
মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেয়ার অপরাধে নেত্রকোনার সীমান্তবর্ত্তী কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলা প্রশাসক মো: সাইফুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তকৃত ওই ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকারি কাজে সহযোগিতা না করে অসদাচরণ, পরিচালিত মোবইল কোর্টের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং চরম ধৃষ্টতার মাধ্যমে কর্মকর্তাদের প্রকাশ্যে অপমান ও অপদস্ত করেন।
উল্লেখ্য, সরকারি ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় চেয়ারম্যানের ভাই পারভেজকে আটক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সাইদুর রহমান মোবাইল কোর্টের ওপর চড়াও হন। পরবর্তীেিত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে লেঙ্গুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমানের বাধার মুখে পড়েন। মোবাইল কোর্টকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘এটা কী করছেন বলেন আমাকে? আপনি ম্যাজিস্ট্রেট, আমিও এই ইউনিয়নের চেয়ারম্যান। আমাকে বলেন সমস্যা কোথায়? মোবাইর কোর্ট করার আগে আমাকে বলতে হবে।’ উত্তরে ইউএনও বলেন, ‘কে বলছে আপনাকে বলতে হবে, কোন আইনে?’ চেয়ারম্যান বলেন, ‘আছে, চেয়ারম্যান আইনে’। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা না করেই ফিরে যান। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ তোলপাড় শুরু হয়।



