ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অপ্রত্যাশিত হারের মুখ দেখেছে অন্যতম শিরোপাপ্রত্যাশী ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বৃহস্পতিবার রাতে নঁতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে দিদিয়ের দেশমের দল। এদিকে অন্য প্রস্তুতি বিশ্বকাপের অপর ফেভারিট স্পেনও হতাশ করেছে সমর্থকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের সাথে ১-১ গোলে ড্র করেছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা। ম্যাচে ইরান ২-০ গোলে মালিকে, দক্ষিণ আফ্রিকা ২-২ গোলে পানামকে, অস্ট্রিয়া ৩-১ গোলে কানাডাকে, হাইতি ২-০ গোলে কোস্টারিকাকে পরাজিত করেছে।
ম্যাচের শুরুটা অবশ্য ফ্রান্সের জন্য ছিল দারুণ। প্রথমার্ধে ৪৫ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার রায়ান শেরকি। তবে বিরতির পর পুরো চিত্র বদলে যায়। ৫৩ মিনিটে আইভরি কোস্ট আক্রমণের গতি বাড়িয়ে ম্যাচে ফিরে আসে এবং ৮৪ মিনিটে গুয়েলা দুয়ের সমতসূচক গোলের পর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো জয়সূচক গোল করে ‘এলিফ্যান্টস’দের স্মরণীয় জয় এনে দেন। ১৬ জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। তাই এই হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।
ম্যাচ শেষে তিনি বলেন, হারটা হতাশাজনক, কিন্তু আমরা এখনো প্রস্তুতির পর্যায়ে আছি। এই ম্যাচ থেকে বড় কোনো সিদ্ধান্ত টানার সুযোগ নেই। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকব।
প্যারিস সেন্ট জার্মেইনের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে পরীক্ষামূলক একাদশ নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স। বিরতির পরও একাধিক পরিবর্তন আনেন কোচ দেশম।
ডিফেন্ডার লুকাস হার্নান্দেজও হারের গুরুত্ব কমিয়ে দেখেছেন। তার ভাষায়, আমরা সবসময় জিততে চাই, কিন্তু এটি প্রস্তুতি পর্বের অংশ। অনেক পরিবর্তন হয়েছে, তবুও দলের আত্মবিশ্বাস অটুট রয়েছে।
তবে কোচ দিদিয়ের দেশম স্বীকার করেছেন যে দ্বিতীয়ার্ধে তার দল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
তিনি বলেন, হার কখনোই সুখকর নয়। প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক পরিবর্তনের পর আর আগের ছন্দে থাকতে পারিনি। প্রতিপক্ষের গতি ছিল অসাধারণ। বিশ্বকাপে এ ধরনের দলের মুখোমুখি আমাদের হতে হবে।
এদিকে প্রস্তুতি ম্যাচে জয়ের দেখা পায়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। পরশু অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় স্পেন, তবে ইরাকও দ্রুতগতির পাল্টা আক্রমণে বেশ কয়েকবার বিপদ তৈরি করে। স্পেনের হয়ে ফেরান তোরেস ম্যাচের ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে মাচার্স দোস্কি ২৭ মিেিনট গোল করে দলকে সমতায় ফেরান। এরপর দুই দলই গোলের চেষ্টা করলেও শেষ পর্যন্ত কেউই জয়সূচক গোল খুঁজে পায়নি।
বিশ্বকাপের আগে এই ড্র স্পেনের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। অন্য দিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক ফল পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ইরাক।



