শিবচরে বাড়ছে কোনা পোড়া টাকার নোট

Printed Edition

আহসান হাবীব শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজারে কোণা পোড়া ১০ ও ২০ টাকার নোটের ছড়িয়ে পড়ছে। মাঝেমধ্যে ৫০, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোটও দেখা যায়। এসব কোণা পোড়া নোট নিতে অনীহা থাকায় ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহনচালকদের মধ্যে ভোগান্তি বাড়ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ইয়াবা ও হেরোইন সেবনের ক্ষেত্রে কখনো কখনো কাগুজে মুদ্রা ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, আগুনের সংস্পর্শে এসে কিছু নোটের কোণা পুড়ে যায় এবং পরে সেগুলো বাজারে চলে আসে। তবে বাজারে থাকা সব কোণা পোড়া নোট একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে- এমন তথ্য নিশ্চিত নয় বলে জানান তারা।

শিবচর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই তারা কয়েকটি করে কোণা পোড়া নোট পাচ্ছেন। বেশির ভাগ ক্ষেত্রে বিকল্প টাকা না থাকায় বাধ্য হয়েই এসব নোট নিতে হয় তাদের। পরে অন্যের কাছে দিতে গেলে অনেকেই তা গ্রহণ করতে চান না। এতে লেনদেনে জটিলতার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে তাদের।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও কাজ করছে পুলিশ। স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত নোট দ্রুত ব্যাংকের মাধ্যমে বদল এবং মাদক নিয়ন্ত্রণে আরো কার্যকর পদক্ষেপ নেয়া হলে এ ধরনের নোটের প্রচলন কমতে পারে।