রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে। এ ছাড়া আগামীকাল শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং ২৪ জানুয়ারি এক শফিটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সি’ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।

এবার চার হাজার ১৭টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট দুই লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘সি’ ইউনিটে এক লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী দুই ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পাঁচ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দফতর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দফতর, পরিবহন ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবির আরেক প্রোভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।