ঈশ্বরদীতে তরুণকে পিটিয়ে ও ফটিকছড়িতে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের চার জেলায় পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে এবং এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে এক তরুণকে পিটিয়ে হত্যার পর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ফটিকছড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর স্বামী ও স্বজনেরা লাশ ফেলে পালিয়েছেন। খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাগুরার শালিখায় পাঁচ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক মিলশ্রমিককে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো: আনিসের ছেলে মেহেদী হাসান আকিবকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আকিব নিখোঁজ হন। বুধবার পরিবারের কাছে খবর আসে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার পনব কুমার বলেন, পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের প্রবাসী লোকমান হাকিমের মেয়ে সামিহা হাকিম নিহার (১৯) বিয়ের মাত্র ছয় মাসের মাথায় রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিহার স্বামী সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো: মারুফ পারভেজ তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর পরপরই স্বামী ও তার স্বজনেরা লাশ রেখে পালিয়ে যান। নিহার মা রূপা আক্তারের অভিযোগ, যৌতুক ও পরকীয়া বিরোধের জেরে তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, নিহার মায়ের দায়ের করা মামলায় স্বামীসহ দু’জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে সোহরাব সরদারের ছেলে আবুল কাশেম সরদারের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ কাশেম আগে থেকেই নিখোঁজ ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

শালিখা (মাগুরা) : শালিখা উপজেলার পোড়াগাছি এলাকায় পাঁচ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে কাশেম (৩০) নামে এক রাইস মিল শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গলবার ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে। শালিখা থানার ওসি আশিকুর রহমান জানান, পরিবারের মামলার ভিত্তিতে আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।