চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণে দগ্ধ দুই নাবিকের মৃত্যু

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত দুই নাবিক হলেন- ইঞ্জিন বিভাগের কারিগরি কর্মী মোহাম্মদ রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। রুুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালীতে। বুধবার সকালে নিজ নিজ গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, এই দুর্ঘটনায় দগ্ধ নৌযানের ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম বর্তমানে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। শরীর শতভাগ দগ্ধ হওয়ায় তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।

অন্য দিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিন নাবিক নিজাম উদ্দিন, মো: রাসেল ও ছিদ্দিক আহমেদ আশঙ্কামুক্ত হওয়ায় বুধবার সকালে তাদের ছাড়পত্র (ডিসচার্জ) দেয়া হয়েছে।

গত ২৯ জুন কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘এফভি দেশ’ নামে মাছ ধরার নৌযানটিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে তিন কর্মী এবং পাশে নোঙর করা ‘এফভি ডিজনি’ নামে আরেকটি ফিশিং ভেসেলের তিন নাবিকসহ মোট ছয়জন দগ্ধ হন।