মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সড়কের দু’পাশে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ (সওজ) বিভাগ একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের চাপ ও হস্তক্ষেপের কারণে উচ্ছেদ কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যে কারণে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঝাউতলা বাজার এলাকায় নিয়মিত চলাচলকারী চালক মো: সোহেল বলেন, ‘সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। রাস্তা সংকুচিত হওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।’
পথচারী মিরাজ হোসেন বলেন, ‘ফুটপাথ দখল করে দোকান বসানোয় হেঁটে চলার কোনো জায়গা নেই। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়েই চলাচল করতে হয়। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি।’
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘পূর্বে ব্রিজ নির্মাণকালে একবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’
এদিকে স্থানীয় সচেতন মহল অবিলম্বে সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ঝাউতলা বাজার এলাকায় যান চলাচল আরও ব্যাহত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।



