ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে আমন ধানের জমিতে চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে জয় বিশ্বাস (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় গত বুধবার থেকে স্থানীয় এক মালিকের মাহিন্দ্র ট্রাক্টর চালাচ্ছিলেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি নদীর তীরবর্তী জমিতে চাষ দেয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে উল্টে যায়। এতে জয় ট্রাক্টরের নিচে আটকা পড়ে ডুবে যান। রাতে জনমানবহীন এলাকা হওয়ায় বিষয়টি কেউ টের পায়নি। গতকাল সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীতে ট্রাক্টরের চাকা ভাসতে দেখে থানায় খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে চালকের লাশ উদ্ধার করে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, চালকের ঘুম চলে আসা অথবা নদীর পাড়ের মাটি ভেঙে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হক বিশ্বাস জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, তাদের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।



