তরুণদের মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত : সেলিম উদ্দিন

Printed Edition
উত্তরায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আম তুলে দিলেন ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত
উত্তরায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আম তুলে দিলেন ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে এমন বৈষম্যমূলক সমাজ জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত।

গতকাল দুপুরে রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এরপর রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় তরুণদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘মিট দ্য ফিউচার’ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রূপনগরে জামায়াত নেতাকর্মীদের হামলা প্রতিবাদ

এদিকে গত ১৯ জুন ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব:) আব্দুল বাতেন রূপনগর থানার সেকশন ৬-এ ব্লকে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় সভার প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

সেলিম উদ্দিন বলেন, বিরোধী দলকে যৌক্তিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির সরকার ভিন্নমতের ওপর দলন ও নিগ্রহের পথ বেছে নিয়েছে। তারা অতীতের ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলের সভা-সমাবেশের ওপর হামলা ও সন্ত্রাস অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীর রূপনগরের ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব:) আব্দুল বাতেনের স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় সভার প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ১০-১৫ জন নেতাকর্মীকে আহত করেছে, যা সরকারে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করেছে।

বিবৃতিতে তিনি পল্লবীতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী কর্তৃক জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি করেন।