আনাদোলু
টেলিভিশন সিরিজ ব্রেকিং ব্যাডে গাস ফ্রিং চরিত্রের জন্য পরিচিত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো সৌদি আরব সফরের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি গেজেট জানিয়েছে দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ বলেছেন যে এস্পোসিতো সৌদিতে শুটিং করার সময় একটি মসজিদে প্রোডাকশন টিমের সদস্যদের সাথে নামাজে অংশ নেন এবং ইসলামের বিশ্বাসের ঘোষণা বা শাহাদাহ পাঠ করেন। আল-শেখের মতে সৌদি আরবে কাটানো সময়কার ইতিবাচক অভিজ্ঞতা এবং দেশটিতে একটি প্রোডাকশনে কাজ করার সময় মুসলমানদের সাথে মেলামেশার পর এই অভিনেতা এই সিদ্ধান্ত নেন।
তিনি আরো বলেন যে এস্পোসিতো শুটিংয়ের সময় তার অভিজ্ঞতা এবং সেখানকার মানুষের আতিথেয়তার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে এই অভিনেতা একটি মসজিদের ভেতরে প্রোডাকশন টিমের সদস্যদের সাথে নামাজ পড়ছেন। চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন এস্পোসিতো। বেটার কল সল, দ্য ম্যান্ডালোরিয়ান এবং অন্যান্য প্রোডাকশনে অভিনয়ের জন্যও তিনি বেশ পরিচিত। গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি এবং একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
সৌদি গেজেটের তথ্য অনুযায়ী এস্পোসিতো বর্তমানে সেভেন ডগস নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সৌদি আরব তাদের বিনোদন ও চলচ্চিত্র খাতের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিভা ও প্রযোজনা সংস্থাগুলোকে আকৃষ্ট করার যে উদ্যোগ নিয়েছে এটি তারই অংশ।



