নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় থাকা ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য দেখানো হয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।
গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব জমি ক্রোক চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদ ভোগ দখলে রাখার দায়ে মামলা করা হয়।
তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নাসরিন ইসলাম তার নামে থাকা স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আসামির দখলে থাকা এসব স্থাবর সম্পত্তি অবিলম্বে ক্রোক করা আবশ্যক।


