কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে দৌলতপুরের জয়পুর বিওপির বিজিবি জওয়ানরা গতকাল শুক্রবার ভোরে অবৈধ অনুপ্রবেশকারী আটজনকে ফেরত পাঠিয়েছেন।
৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস-সংলগ্ন এলাকা দিয়ে ১৪৬ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজনকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে দুইজন পুরুষ, চারজন মহিলা ও দুইজন ট্রান্সজেন্ডার রয়েছে। তিনি আরো বলেন, বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরবর্তী সময়ে বিজিবির দৃঢ় প্রতিহতের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।



